আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
চট্টগ্রামের বাঁশখালীতে আইনগত সচেতনতা বৃদ্ধি ও সেবার প্রসার ঘটাতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিচার বিভাগ, পাবলিক প্রসিকিউশন ও আইনজীবী নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি আইনগত সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় যুগ্ম জেলা ও দায়রা জজ সুশান্ত প্রসাদ চাকমা। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ এবং মাননীয় সিভিল জজ ইয়াছিন আরাফাত ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) মোঃ বোরহান উদ্দিন মাতব্বর নূরী, যিনি বিচারপ্রার্থীদের জন্য রাষ্ট্রীয় আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং আইনগত সহায়তা কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাছের, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহ, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট নুরুল আবছার, আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন চৌধুরী এবং এডভোকেট এইচ এম হেলাল উদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য এ সেবা আরও সহজলভ্য ও বিস্তৃত করা প্রয়োজন।
অনুষ্ঠানে আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।