মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালীতে কামরুল ইসলাম (৫২) নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামী ২৯ বছর পর আটকা পড়লো পুলিশের জালে, একই মামলায় তার ভাই মো. সেলিম (৪৮) কেও গ্রেপ্তার করেছে পুলিশ।
২৯ জুন (শনিবার) রাতে উপজেলার বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়ার নেতৃত্বে রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট থেকে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামরুল ইসলাম ও মোঃ সেলিম বাঁশখালী বাহারছড়া ইউপির চাঁপাছড়ি গ্রামের নুরুজ্জামানের ছেলে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
জানা যায়, ১৯৯৫ সালে কিশোরী শওকত আরা বেগম রুমিকে অপহরণ করে কামরুল ইসলাম ও তার ভাই সেলিম। এ ঘটনায় অপহৃত কিশোরী রুমির মা বুলবুল আক্তার বাদী হয়ে এই সংক্রান্তে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।১৯৯৯ সালে আদালত ওই মামলার দুই আসামিকে ১০ বছর করে সাজা দেন। একই সাথে অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাস করে সাজা পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে পলাতক ছিলেন সাজাপ্রাপ্ত দুই আসামী।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুই ভাইয়ের বিরুদ্ধে একটি করে দুইটি জি আর মামলায় সাজা পরোয়ানা আছে। ওই দুই মামলায় উভয়ের ১০ বছর করে সাজা পরোয়ানা রয়েছে। একই সাথে অর্থদন্ড অনাদায়ে আরো তিন মাস করে সাজা আছে।গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৯ বছর যাবৎ পলাতাক থাকলেও অবশেষে পুলিশের জালে আটকা পড়েছে সাজার আসামী কামরুল ও তার ভাই সেলিম।